ভিনিকে বর্ণবাদী আক্রমণ করে জেলে যাচ্ছেন মায়ার্কো সমর্থক

রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও ভিলারিয়ালের সামুয়েল চুকওয়েজিকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করায় দোষী সাব্যস্ত হয়েছেন একজন। মায়োর্কার ওই সমর্থককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে বিষয়টি। তবে সেখানে শাস্তি পাওয়া ব্যাক্তির নাম উল্লেখ করা হয়নি।

ভিনিসিয়ুসের কাছে চিঠি লিগে ক্ষমা চাওয়ায় এবং বৈষম্যবিরোধী কর্মসূচিতে অংশ নেওয়ায় ওই সমর্থকের কারাদণ্ডের সাজা স্থগিত রাখা রয়েছে। তবে তাকে তিন বছরের জন্য ফুটবল স্টেডিয়ামে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গত বছর মায়োর্কার রাজধানী পালমার সন মোইশ স্টেডিয়ামে ঘটে ওই কাণ্ড। দুই সপ্তাহের ব্যবধানে ভিনিসিয়ুস ও চুকওয়েজিকে লক্ষ্য করে বর্ণবাদী আক্রমণ করা হয়।

মায়োর্কা ও রেয়াল মাদ্রিদ ম্যাচে সমর্থকদের ধারণ করা একটি ভিডিওতে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসকে ‘বানর’ বলে ডাকতে শোনা যায়। ওই ম্যাচেই নয়, স্পেনে আরও অনেকবারই বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন তিনি। এ কারণে অনেককেই শাস্তি দেওয়া হয়েছে।

চলতি বছরের এপ্রিলে রিয়াল মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনিকে বর্ণবাদী মন্তব্য করায় অনুতপ্ত হয়ে এক কিশোরের ক্ষমা চাওয়া কথা বিবৃতিতে বলেছে স্প্যানিশ ক্লাবটি। এক বছরের জন্য তার স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে প্রসিকিউটর অফিসের প্রস্তাবিত শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিতে হবে এবং দিতে হবে জরিমানা।