ড. ইউনূস কি নির্বাচন করবেন? 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই তাঁর। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস ‘ক্লাইমেট ফরোয়ার্ড’ শীর্ষক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অধ্যাপক ইউনূস ছিলেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি। অনুষ্ঠানে উপস্থাপিকা প্রশ্ন করেন ড. ইউনূস নির্বাচন করবেন কিনা। উত্তরে ড. ইউনূস বলেন, নির্বাচনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তার নেই। তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব?’

বাংলাদেশের জাতীয় নির্বাচন বিষয়ে এক প্রশ্নের উত্তরে নিউ ইয়র্কের এ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, কবে নির্বাচন হবে, তার কোনো সময়সীমা তার কাছে নেই। সংস্কারের জন্য যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে, তারা সামনের মাসগুলোতে সুপারিশ জমা দেবে। তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে তিনি মনে করেন কিনা। জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে ড. ইউনূস বলেন, ‘কেন উচিত হবে না?’ তিনি বলেন, ‘তিনি (শেখ হাসিনা) যদি অপরাধ করে থাকেন, তাহলে তাকে দেশে ফিরিয়ে আনা এবং বিচারের মুখোমুখি করা উচিত। আপনি তো বিচারের পক্ষে কথা বলছেন, তাহলে উনারও তো বিচারের মুখোমুখি হওয়া উচিত।’