লালবাগ কেল্লা ও মুন্সীগঞ্জের ইদ্রাকপুর কেল্লাসহ দেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সীগঞ্জ শহরের কোর্টগাঁও এলাকার ইদ্রাকপুর কেল্লা পরিদর্শনে এসে তিনি এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন যে সকল প্রত্নতত্ত্ব আর স্থাপনাগুলো রয়েছে সেগুলো সরেজমিনে দেখতে চাচ্ছি। সপ্তাহের অন্যান্য দিন সময় পাই না। তাই প্রতি শুক্রবার দেশের প্রত্ন নিদর্শন ঘুরে দেখবো বলে ঠিক করেছি। যেমন মুন্সীগঞ্জে ইদ্রাকপুর কেল্লা রয়েছে। নারায়ণগঞ্জেও রয়েছে এ ধরনের দুটি কেল্লা।
আসিফ নজরুল আরও বলেন, লালবাগ কেল্লা ও মুন্সীগঞ্জের ইদ্রাকপুর কেল্লাসহ দেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। ভাবছি এখানে সংরক্ষণের প্রয়োজনীয়তা কি কি আছে। এই অবস্থাটা নিজের স্বচক্ষে না দেখলে সংরক্ষণের যে নীতিমালা আমরা ঠিক করবো সেটি করা যাবে না। এ ব্যাপারে আমাদের নজর দেওয়ার সময় এসেছে।
আইন উপদেষ্টা মুন্সীগঞ্জ সদরের রামপালের হরিশচন্দ্রের দিঘী, বাবা আদম শাহী মসজিদ, মিরকাদিম সেতু, জেলার টঙ্গীবাড়ি উপজেলার সোনারং মন্দির, নাটেশ্বর দেউল ও জেলার শ্রীনগর উপজেলার রাঢ়ীখালে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি পরিদর্শনে যান। এসময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজ খান মিতা উপস্থিত ছিলেন।