প্রকৃতির ডাকে বসেছিলেন বৃদ্ধ, ঢিলের আঘাতে মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়ায় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গিয়েছিল সিরাজুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ। এ সময় তাকে উদ্দেশ্য করে পেছন থেকে কেউ ঢিল ছুড়লে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সিরাজুল ইসলাম উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত মিয়া বক্সের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয় কিছু ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল এ সময় বাড়ির সামনে জমিতে প্রস্রাব করতে বসেন সিরাজুল ইসলাম। পেছন দিক থেকে কেউ ঢিল ছুড়লে মাথায় আঘাত পেয়ে আহত হন তিনি। সেখান থেকে উঠে পাশে একটি বাড়িতে যাওয়ার সময় পড়ে গিয়ে শরীরে কাঁদা মেখে যায়। কিছুক্ষণ পর রাতে নিজ বাড়িতে তিনি মারা যান। তবে কার ছোঁড়া ঢিলের আঘাতে তিনি মারা গেছেন তা সঠিকভাবে বলতে পারে না পরিবারের লোকজন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। পরিবারের দাবী ঢিলের আঘাতে সিরাজুল ইসলাম মারা গেছেন। মরদেহ উদ্ধার করে রাতেই থানায় আনা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ময়নাতদন্তের জন্য নেত্রকোণা প্রেরণ করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই আসল ঘটনা বের হয়ে আসবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।