সেঞ্চুরির পর সেঞ্চুরি করে যাচ্ছেন কামিন্দু মেন্ডিস। গত সপ্তাহে গলে প্রথম টেস্টে সেঞ্চুরির পর চলতি দ্বিতীয় টেস্টে তিনি ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ২৫ বছর বয়সী এই ব্যাটারের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হলো না দল ইনিংস ঘোষণা করায়! নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে ৬০২ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
আজ শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনে ১৪৭ বলে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন মেন্ডিস। ইনিংসের হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচ সেঞ্চুরি করতে তার লেগেছে ১৩ ইনিংস, যা স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। এরপর ২২৭ বলে তিনি দেড়শর কোটা স্পর্শ করেন। দারুণ ব্যাটিংয়ে মেন্ডিস ছুটছিলেন ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরির দিকে। কিন্তু তাকে থামতে হলো ১৮ রান আগেই।
শ্রীলঙ্কার ইনিংস ঘোষণার সময় মেন্ডিসের সংগ্রহ ছিল ২৫০ বলে ১৬ চার এবং ৪ ছক্কায় ১৮২*। কুসল মেন্ডিসের সঙ্গে তার অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ২৭১ বলে ২০০ রান। দলের প্রয়োজনেই হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো এই তরুণকে। লঙ্কানদের প্রথম ইনিংসে আরও দুটি সেঞ্চুরি আছে। অভিজ্ঞ দিনেশ চান্দিমাল খেলেছেন ২০৮ বলে ১১৬ রানের ইনিংস আর কুসল মেন্ডিস ১৪৯ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন।