ভারতের দার্জিলিংয়ের পাহাড়ি এলাকা ও সমতলের দিকে সমানে বৃষ্টি হচ্ছে। অনেক জায়গায় ধস ও তিস্তায় পানি বেড়েছে। শুক্রবারও দার্জিলিংয়ে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি চলছেই। সিকিমেও বৃষ্টি হচ্ছে।
এর ফলে তিস্তায় পানি অনেকটাই বেড়ে গেছে। তিস্তার তীরবর্তী যারা আছেন তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। তিস্তা ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে। পানি বেড়ে যাওয়ায় ১০ নম্বর জাতীয় সড়ক বিপদজনক হয়ে উঠেছে। তিস্তাবাজার, সেবক, বাসুডুবা, গজলডোবাতে সতর্কতা জারি করা হয়েছে। তিস্তায় পানি বাড়ার ফলে বাংলাদেশেও তিস্তা দিয়ে অতিরিক্ত পানি যাবে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
অনেক জায়গায় ধস
বৃহস্পতিবার থেকেই দার্জিলিংয়ে একাধিক জায়গায় ভূমিধস হয়। শুক্রবার আরও কয়েকটি জায়গায় ধস নামে। মিরিক, ঘুম, সুকিয়া পোখরি রোডে একাধিক জায়গায় ধস নেমেছে। লোয়ার সিটং, দুধিয়া, পানিঘাটা, রোডও ধসের কবলে পড়েছে।
কালিম্পংয়ে সিংথাম-রংপো রোডে পাথর এসে পড়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। মেল্লি বাজারের কাছেও ধস নেমেছে। ১০ নম্বর জাতীয় সড়ক গত মঙ্গলবার খুলেছিল। সেখানেও আবার ধস নামলো। ফলে সেখানে অনেক জায়গায় যান চলাচল বন্ধ রয়েছে।
জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, গরুবাথান ও কালিম্পং ১ নম্বর ব্লকে ধস নামতে পারে। লাভা ও লোলেগাঁও ধসের কবলে পড়তে পারে।