চ্যাম্পিয়নস লিগে গেল সপ্তাহে মোনাকোর মাঠে ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা। ওই ম্যাচেই কিছু বার্সা সমর্থক গ্যালারিতে অপ্রীতিকর ঘটনা ঘটান। বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে।
তাতে দোষী সাব্যস্ত হওয়ায় ১০ হাজার ইউরো জরিমানা গুনতে হচ্ছে বার্সেলোনাকে। এছাড়া ক্লাবের পরবর্তী চ্যাম্পিয়নস লিগ অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনার ভক্ত-সমর্থকদের নিষিদ্ধ করেছে উয়েফা।
মোনাকোর মাঠে বার্সা ভক্তদের বিরুদ্ধে নাৎসি স্যালুট দেওয়ার অভিযোগ আনা হয়। এ কারণে সার্বিয়ায় আগামী ৯ নভেম্বর হতে যাওয়া সারভেনা জুভেসদার বিপক্ষে ম্যাচে বার্সার কোনও ভক্ত-সমর্থক মাঠে থাকতে পারবেন না। অবশ্য ওই ম্যাচের আগেই চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা দুটি হোম ম্যাচ খেলবে। সেই ম্যাচগুলোতে দর্শকদের নিয়ে কোন নিষেধাজ্ঞা নেই।
তবে বার্সার শাস্তি আরও আছে। উয়েফার পরবর্তী অ্যাওয়ে ম্যাচের জন্য ভক্তদের কাছে টিকিট বিক্রি করতে পারবে না। এটি প্রাথমিকভাবে এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।
এর আগে গেল এপ্রিলে পার্ক দ্য প্রিন্সেসে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে নিজ সমর্থকদের বিতর্কিত আচরণের কারণে শাস্তি পেয়েছিল ক্লাবটি। সেবার বর্ণবাদী আচরণ ও নাৎসি স্যালুট দেওয়ায় বার্সাকে ২৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল।