শ্রমিক বিক্ষোভে নাটোরে প্রাণ কোম্পানির কারখানা বন্ধ

নাটোরের প্রাণ এগ্রো কোম্পানির শ্রমিকরা ১৩ দফা দাবিতে বিক্ষোভ করেছে। এরই পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ কারখানা ৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে নাটোর একডালা এলাকায় অবস্থিত প্রাণ এগ্রো কারখানায় শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ অর্থনৈতিক বৈষম্য দূর করার দাবিতে বিক্ষোভ করেন। এর আগেও শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধি, অর্থনৈতিক বৈষম্য দূরসহ কর্তৃপক্ষের কাছে ১৩ দফা দাবি করেন। কর্তৃপক্ষ কয়েক দফা দাবি মেনে নিলেও শ্রমিকরা সব দাবি আদায়ে বৃহস্পতিবার পুনরায় বিক্ষোভ শুরু করেন। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত কারখানাটি বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ।

এরআগে গত বৃহস্পতিবার শ্রমিকরা কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) হযরত আলীকে তার অফিসে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে নাটোরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাছুদুর রহমান ও পুলিশ সুপার মারুফাত হোসাইন কারখানায় এসে শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা নিরসনে আলোচনা করেন। পরে রাতে সেনাবাহিনী এসে জেনারেল ম্যানেজার হযরত আলীকে কারখানা থেকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেন।

নাটোরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাছুদুর রহমান বলেন, খবর পেয়েই পুলিশ সুপার ও সেনাবাহিনীর দল নিয়ে কারখানায় যায়। কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।