যুবলীগকর্মীর গোয়ালঘরে মিলল অস্ত্র

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গেলাবারুদসহ জালাল উদ্দিন প্রকাশ সজিব (৪১) নামের এক যুবলীগকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তার উজ জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি উপজেলার কনকাপৈত ইউপির হিংগুলা মুন্সিবাড়ির আবদুল হাইয়ের ছেলে ও স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর মাহিনের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম সজিবের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে গোয়ালঘর তল্লাশি করে একটি পাইপগান, দুটি একনলা বন্দুক, দুটি শটগানের কার্তুজ, একটি রাবার কার্তুজ, একটি বড় কাটার, পাঁচটি দা, ছুরি, একটি ম্যাগাজিন, এয়ারগানের ১৩৬টি কার্তুজ, ৩০টি ফয়েল পেপার ও ৭৫০ গ্রাম বিভিন্ন বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।