কানপুর টেস্টের দ্বিতীয় দিনে আজ শনিবার একটি বলও মাঠে গড়ায়নি। দুই দলের ক্রিকেটাররা মাঠে টানা বৃষ্টির কারণে আবার হোটেলে ফিরে যায়। শেষ পর্যন্ত দ্বিতীয় সেশনে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৪ মিনিট নাগাদ দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।
এর আগে গতকাল শুক্রবার ম্যাচের প্রথম দিনে বৃষ্টির বাগড়ায় খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। ওই সময়টুকুতে ৩ উইকেট হারায় বাংলাদেশ। আশার প্রতীক হয়ে একপ্রান্ত আগলে রাখেন মুমিনুল হক, আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে সঙ্গ দেন মুশফিকুর রহিম। দুজনের মধ্যে মুশফিক ১৩ বলে ৬ এবং মুমিনুল ৮১ বলে ৭ চারে ৪০ রানে অপরাজিত আছেন।
মুশফিক আর মুমিনুলের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ২৭ রান। প্রথম দুই দিনের ক্ষতি পুষিয়ে নিতে আগামীকাল রবিবার ম্যাচের তৃতীয় দিনে ৩০ মিনিট আগে অর্থাৎ সকাল ৯টা ৩০ মিনিটে খেলা শুরু হবে।