আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা সম্প্রতি বলেছেন, সুফি সম্প্রদায়ের জন্য তিনি রাজধানী তিরানায় একটি সার্বভৌম ক্ষুদ্ররাষ্ট্র গঠন করতে চান।
২২ সেপ্টেম্বর জাতিসংঘে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি তার এই পরিকল্পনার কথা জানান। এই সময় তিনি আলবেনিয়ার নোবেল বিজয়ী মাদার তেরেসার উদ্ধৃতি ‘আমরা শুরুতেই বিশাল কোনো মহৎ কাজ করতে পারবো না। কিন্তু ভালবাসা দিয়ে ছোট ছোট অনেক ভাল কাজ করা সম্ভব’ ব্যবহার করেন।
এডি রামা বলেন, ‘ইটালির রাজধানী রোমে অবস্থিত ভ্যাটিকান সিটির আদলে এটি প্রতিষ্ঠা করা হবে, যার নাম হবে ‘দ্য সভরেন স্টেট অফ বেকতাশি অর্ডার।’
আলবেনিয়ার সরকার রাজধানী তিরানার ২৭ একর জায়গা জুড়ে ক্ষুদ্ররাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। এই রাষ্ট্রের নিজস্ব সীমানা,পাসপোর্ট ও প্রশাসন থাকবে।