স্বৈরাচারের মুখে সংস্কার ও নির্বাচন নিয়ে কথা বেমানান: প্রিন্স

সংস্কার ও নির্বাচন নিয়ে সজিব ওয়াজেদ জয়ের বক্তব্যের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, মায়ের মতো ছেলেরও লজ্জা-শরম বলে কিছু নেই। দেশটাকে ধ্বংস করে এখন কোন মুখে আওয়ামী লীগকে সংস্কার ও নির্বাচনে ডাকতে বলেন? পতিত স্বৈরাচারের মুখে সংস্কার ও নির্বাচন নিয়ে কথা বেমানান। আওয়ামী লীগের বিচার ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না। মানুষ চায় দ্রুত আওয়ামী শাসনামলের অবিচারের বিচার, গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচন। জনগণের চাহিদার বাস্তবায়নই হবে সবচেয়ে বড় সংস্কার।

আজ শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে ইমেক্স সেন্টারে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি একথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ নির্বাচনের নামে জালিয়াতি করে জবরদস্তিমূলক ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। এজন্য রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ধ্বংস ও গণহত্যা চালিয়ে আওয়ামী লীগ ক্ষমাহীন অপরাধ করেছে। জনগণ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবে কি না, তা এখন বড় প্রশ্ন।

তিনি বলেন, নেতাকর্মীদের জনরোষের মধ্যে রেখে দেশ থেকে পলায়ন করে নেতাকর্মীদের নিরাপদে রাখার কথা বলে তিনি সহানুভূতি পাবার চেষ্টা করছেন। শেখ পরিবারের ক্ষমতালিপ্সা, লুটপাট ও ফ্যসিবাদের কারণেই আওয়ামী লীগ বেপরোয়া হয়ে পড়েছিল। সে কারণেই আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল, কাজী ফরিদ আহমেদ পলাশ, চেয়ারম্যান শফিকুর রহমান, অধ্যাপক মোফাজ্জল হোসেন, মোরশেদ আলম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান, তারিকুল ইসলাম চঞ্চল, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান আসিফ, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।