শব্দদূষণ নিয়ন্ত্রণে বিআরটিএ ও ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষক ও কর্মকর্তাদের এগিয়ে আসার আহবান জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (২৮ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আয়োজনে দিনব্যাপী ”টিওটি” প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিআরটিএ ও ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের ১২০ জন প্রশিক্ষক এবং কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনেক রেফারেন্স দিয়ে উপদেষ্টা বলেন “আমাদের ধর্মেও স্বর নিচু করার কথা বলা আছে, অর্থাৎ উচ্চ শব্দ করতে বারণ করা হয়েছে।” ইমাম-খতিবদের উদ্দেশ্য করে তিনি বলেন- “আপনারা যেহেতেু সমাজের গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন এবং মানুষ যেহেতু আপনাদের কথা শুনে কাজেই আপনাদের বয়ানে আপনারা শব্দদূষণের ক্ষতিকর বিষয়গুলো তুলে ধরবেন।”
উক্ত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং এতে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক(গ্রেড-১) ড. আবদুল হামিদ। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের অধ্যাপক ডাক্তার হুসনে কমর ওসমানী, ইসলামিক ফাউন্ডেশনের ল’ এন্ড এস্টেট বিভাগের পরিচালক মুহাম্মদ রফিক-উল ইসলাম।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, সদর দপ্তর এর পরিচালক (প্রশিক্ষণ) জনাব শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী, ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মোঃ রেজ্জাকুল হায়দার প্রমুখ।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) ও “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রল্পের” প্রকল্প পরিচালক সৈয়দা মাছুমা খানম সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।