আইপিএলে এবার আলাদা ম্যাচ ফি পাবে ক্রিকেটাররা

এবারের আইপিএল চুক্তির টাকা ছাড়াও ম্যাচ ফি পাবেন ক্রিকেটারেরা। আইপিএলের সব ম্যাচে খেললেই কোটিপতি হয়ে যেতে পারেন তাঁরা। শনিবার সমাজমাধ্যমে ঘোষণা করেছেন বোর্ডের সচিব জয় শাহ।

এত দিন নিলামের মাধ্যমে ক্রিকেটারদের কিনত ফ্র্যাঞ্চাইজিগুলি। যত টাকা দিয়ে কিনত প্রতি বছর তত টাকাই পেতেন ওই ক্রিকেটার। ম্যাচ খেলার জন্য আলাদা করে কোনও টাকা দেওয়া হত না। এ বার থেকে সেটাই চালু হতে চলেছে। ঘরোয়া ক্রিকেটে বা দেশের হয়ে খেললে যে জিনিস দেখা যায় সেটাই এ বার আইপিএলে চালু হতে চলেছে।

“আইপিএলের ধারাবাহিক ও চমকপ্রদ পারফরম্যান্স উদযাপনে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আমাদের ক্রিকেটারদের জন্য সাড়ে ৭ লাখ রুপি ম্যাচ ঘোষণা করছি। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি এই খাতে ১২.৬০ লাখ টাকা অনুমোদন করবে। আইপিএলের ক্রিকেটারদের জন্য একটা নতুন যুগ শুরু হতে চলেছে।”

নতুন এই নিয়ম অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করা পারিশ্রমিকের বাইরে প্রতি ম্যাচের জন্য এই সাড়ে ৭ লাখ রুপি পাবেন ক্রিকেটাররা। এক আসরে লিগ পর্বের সবগুলো ম্যাচ খেললে নিজের পারিশ্রমিক বাইরে আরও ১ কোটি ৫ লাখ রুপি আয় করবেন তারা।

এই বিশাল অর্থের জোগান দেবে আয়োজকরাই। অংশগ্রহণকারী প্রতি দলকে ক্রিকেটারদের ম্যাচ ফি-র জন্য একেক আসরে ১২ কোটি ৬০ লাখ রুপি করে দেওয়া হবে। অর্থাৎ ম্যাচ ফি বাবদ আয়োজকদের খরচ হবে ১২৬ কোটি রুপি।

আইপিএলের এই ম্যাচ ফি ভারতের জাতীয় দলের ক্রিকেটারদের তুলনায় আড়াই গুণ। ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী, একেকটি আন্তর্জাতিক টি-টোয়েন্টির জন্য ৩ লাখ রুপি ম্যাচ ফি পান ভারতের ক্রিকেটাররা।