গোপালগঞ্জে শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের শোভাযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ। এ সময় শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে বঙ্গবন্ধু সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়।
পুলিশি বাধায় শোভাযাত্রা করতে পারেনি ছাত্রলীগ। এতে শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকেই দৌড়ে পালিয়ে যায়। সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর করতে পারে এমন আশঙ্কায় শোভাযাত্রায় বাধা দেওয়া হয়েছে বলে ওসি জানান।
এর আগে কলেজ ক্যাম্পাসে শহীদ মিনার চত্বরে কেক কেটে শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ ছাড়া জেলার অন্যান্য উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্যাপক পুলিশ নিরাপত্তা জোরদার করা হয়। ফলে জন্মদিন পালন করতে পারেনি আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো।