রাষ্ট্রপতির অপসারণ চায় সিটিজেন রাইটস মুভমেন্ট

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উচ্চ আদালতে নিয়োগ পাওয়া দলীয় অনুগত সব বিচারপতির অপসারণসহ ১৭ দফা দাবি জানিয়েছে সিটিজেনস রাইটস মুভমেন্ট। এর পাশাপাশি সংবিধানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্থলে ‘জনগণতান্ত্রিক বাংলাদেশ’ নাম করার দাবি করেন সংগঠনের নেতারা। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই দাবি করেন সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সিটিজেনস রাইটস মুভমেন্টের মহাসচিব তুসার রেহমান। তিনি সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের কাছে ১৭ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলোর হলো, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার জন্য ব্রিটিশ সরকারের প্রণীত সব আইনকানুন বিধিবিধানের আমূল সংস্কার করে স্বদেশ ও স্বাধীন মানুষের কল্যাণে সময়োপযোগী আইন সংস্কার কমিশন গঠন করে কল্যাণ রাষ্ট্রের সংবিধান সংশোধনসহ আইন বিধিমালা তৈরি করতে হবে; স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন দুদক, স্বাধীন মানবাধিকার কমিশন, আইন কমিশন, স্বাধীন দেশে নাগরিক কল্যাণে পুলিশ কমিশন গঠনসহ ন্যায়পাল কমিশন গঠন করতে হবে; পতিত সরকারের নিয়োগকৃত পদলেহনকারী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অপসারণ করতে হবে; পতিত সরকার কর্র্তৃক উচ্চ আদালতে নিয়োগকৃত দলীয় ও অনুগত সব বিচারপতিকে অপসারণ করতে হবে; ছাত্র-জনতাকে মানবতাবিরোধী গণহত্যা ও গণগুমের ন্যায় মানবতাবিরোধী অপরাধে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে; এক ব্যক্তি দুবারের অধিক প্রধানমন্ত্রী হতে পারবেন না মর্মে বিধিবদ্ধ আইন প্রণয়নসহ একই ব্যক্তি একই মেয়াদকালে সরকারপ্রধান ও দলীয় প্রধানের পদে থাকতে পারবেন নাসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিটিজেনস রাইটস মুভমেন্টের সভাপতি মেজর (অব.) মো. মফিজুল হক সরকার, ব্যারিস্টার সাদিয়া আরমান, মেজর (অব.) হামিদুল ইসলাম বীর বিক্রম প্রমুখ।