রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদে একটি বাসায় আগুনে দগ্ধ হয়েছেন শিশুসহ একই পরিবারের তিন জন। তাদের আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে এই অবস্থা হয়েছে বলে দাবি করেছে পরিবারটি।
দগ্ধরা হলেন কারওয়ান বাজার মৎস্য আড়তের শ্রমিক টোটন (৩৫), তার স্ত্রী নিপা আক্তার (২৪) ও সাড়ে তিন বছরের ছেলে বায়েজিদ।
দগ্ধ নিপার মা রেহানা বেগম জানান, চলতি মাসের ১ তারিখেই শুক্রাবাদ বাজার মসজিদের পাশে একটি বাড়ির নিচ তলায় ভাড়া উঠেছিলেন টোটন-নিপা দম্পতি। টোটন কারওয়ান বাজারে মৎস্য আড়তে কাজ করেন আর গৃহকর্মীর কাজ করেন নিপা। তিন সন্তানের বাবা-মা তারা। তবে বড় দুই ছেলে-মেয়ে গ্রামে দাদা-দাদির কাছে থাকে। ছোট ছেলে বায়েজিদ শারীরিক প্রতিবন্ধী হওয়ায় বাবা-মায়ের সঙ্গে ওই বাসায় থাকে।