হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার পরও লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গতকাল শনিবারও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৩৩ জন এবং আহত হয়েছেন আরও ১৯৫ জন।
শনিবারও বৈরুতের ঘনবসতিপূর্ণ দক্ষিণ উপশহর দাহিয়েহতে হামলা চালায় ইসরায়েল, যেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিও রয়েছে। খবর বিবিসি।
বিবিসি বলছে, গত সোমবার থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৮০০ মানুষ নিহত হয়েছে।
এদিকে গত শুক্রবার থেকে ইসরায়েলি হামলা জোরদার হওয়ায় লেবাননের হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। শুক্রবার হামলার পর থেকে বৈরুতের আশেপাশের বাসিন্দারা ওই এলাকায় রাস্তায় ও পার্কে ঘুমাচ্ছেন।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) জানিয়েছে, লেবানন থেকে ৫০ হাজারের বেশি মানুষ ইসরায়েলি হামলার কারণে সিরিয়ায় আশ্রয় নিয়েছে।
সংস্থাটির প্রধান ফিলিপ্পো গ্রান্দি এক এক্স পোস্টে জানান, হামলার কারণে লেবাননের অভ্যন্তরেও দুই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। লেবানন ও সিরিয়া সরকারের সঙ্গে সমন্বয় করে জাতিসংঘের ত্রাণ কার্যক্রম চলছে।
গত বছরের ৮ অক্টোবর থেকে, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিনই হামলা এবং পাল্টা হামলা হচ্ছে। এতে করে প্রায় ৭ লাখ মানুষ উত্তর ইজরায়েল থেকে বাস্তুচ্যুত হয়েছে।
এদিকে লেবাননে বিমান হামলার পাশাপাশি সম্ভাব্য স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এ জন্য সীমান্তে সেনা সমাবেশও ঘটিয়েছে দেশটি।