কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবির থেকে অস্ত্র ও গুলিসহ মোহাম্মদ হুসেন (২৫) নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ পুলিশ (এপিবিএন)। শনিবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে উখিয়া উপজেলার কুতুপালং ট্রানজিট ক্যাম্প সংলগ্ন থেকে তাকে আটক করা হয়। আটক যুবক টেকনাফ উপজেলার ২৬ নম্বর নয়াপাড়া মোচনী রোহিঙ্গা ক্যাম্পের সুলতান আহমদের ছেলে।
৮ এপিবিএন’র অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর বলেন, শনিবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পের কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় সন্দেহজনক দুই ব্যক্তিকে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয়রা চিকিৎকার শুরু করেন। এসময় স্থানীয়রা জড়ো হয়ে এগিয়ে আসলে পরপর ২ টি ফাঁকা গুলি ছুড়ে হুসেন।
পরে খবর পেয়ে এপিবিএন’র সদসর্য ঘটনাস্থলে পৌঁছায়। এসময় এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অপর ব্যক্তি পালিয়ে যায়। আটক ব্যক্তির দেহ তল্লাশী করে দেশিয় তৈরী ১ টি বন্দুক ও ২ টি গুলি পাওয়া যায়।
এপিবিএন’র কর্মকর্তা বলেন, আটক ব্যক্তি একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।