৬৬ শতাংশ কম বেতনে আইপিএল খেলতে হবে ধোনিকে

প্রতিবার আইপিএলেই প্রশ্ন ওঠে- ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির এটাই শেষ আসর কিনা? তিনি কবে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন? আজ অবধি এসব প্রশ্নের জবাব মেলেনি। অন্য কোনো ধরনের ক্রিকেট না খেললেও প্রতিবছর আইপিএলটাই খেলেন ধোনি। আইপিএলের আগামী আসরে যদি তিনি খেলতে চান, তাহলে বেতন কমে যাবে ৬৬.৬৭ শতাংশ।

নভেম্বর মাসে মেগা নিলামের আগে বিসিসিআই খেলোয়াড় ধরে রাখার যে নিয়ম ঘোষণা করেছে, সে অনুযায়ী চেন্নাইয়ের হয়ে ধোনির খেলতে কোনো বাধা নেই। তবে চেন্নাই যদি ধোনিকে ধরে রাখে; তাহলে তার বেতন আগের চেয়ে অনেক কমে যাবে। কারণ, নিয়মানুযায়ী ১০টি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৬ জন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে। তবে এই ৬ জনের মধ্যে অবশ্যই একজন ‘আনক্যাপড’ খেলোয়াড় থাকতে হবে।

ভারত জাতীয় দল থেকে পাঁচ বছর আগে অবসর নেওয়া খেলোয়াড়দের আইপিএলে আনক্যাপড হিসেবে বিবেচনা করা হয়। ধোনি খেলা ছেড়েছেন ২০১৯ সালের জুলাইয়ে। এই নিয়মের কারণেই চেন্নাই ধোনিকে ধরে রাখতে পারবে। তবে তার বেতন হবে মাত্র ৪ কোটি রুপি। ২০২২ সালে আইপিএলের মেগা নিলামে দ্বিতীয় পছন্দের খেলোয়াড় হিসেবে ধোনিকে ১২ কোটি রুপিতে নিজেদের করে নিয়েছিল চেন্নাই।

নতুন এই নিয়ম মেনে নিয়ে ধোনি আইপিএল খেলবেন কি না, সেটা অবশ্য জানা যায়নি। কোনো দল যদি পাঁচজন খেলোয়াড় ধরে রাখতে চায়, তাহলে প্রথম তিনজনকে ধরে রাখতে হবে যথাক্রমে ১৮ কোটি, ১৪ কোটি ও ১১ কোটি রুপিতে। শেষ দুজনের জন্য বরাদ্দ ১৮ ও ১৪ কোটি রুপি। যার মানে তাদের ১২০ কোটি রুপি খরচসীমার ৭৫ কোটিই শেষ হয়ে যাবে। তার মানে ওই দল মেগা নিলামে ঢুকবে ৪৫ কোটি রুপি নিয়ে।