নতুন লুকে ছেলের জন্মদিনে কেক কাটলেন শাকিব

দুই মাস যুক্তরাষ্ট্রে ছিলেন শাকিব খান। গত বৃহস্পতিবার ঢাকায় পা রাখেন ঢালিউড কিং। এদিন তাকে দেখা যায় নতুন লুকে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, এটি হয়ত শাকিবের নতুন ছবির জন্য কোনো নতুন লুক। যদিও সেটা শাকিব খানের তরফ থেকে প্রকাশিত লুক নয়। বিমানবন্দরে আরেক চিত্রনায়ক আলেকজান্ডার বো'র সঙ্গে দেখা হয়ে গিয়েছিল শাকিবের। আলেকজান্ডারই সেলফি তুলেছিলেন, সেলফি ভিডিও করেছিলেন। তার মাধ্যম থেকেই শাকিবের এই নতুন চেহারা প্রকাশ পায়।  

অন্যদিকে, শুক্রবার ছিল ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন। জয়ের জন্মদিন উপলক্ষ্যে আগে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানান শাকিব। শুক্রবার বিকেলে এক ফেসবুক পোস্টে জয়ের ছবি পোস্ট করে শাকিব লেখেন, ‘জন্মদিনের শুভেচ্ছা আব্রাম। মনে রেখ, তোমার যেকোনো প্রয়োজনে আমি সবসময় আছি। লাভিউ পাপা।’ 

এরপরের দিন দেখা গেল বাবা-ছেলেকে। সেই নতুন লুকে জয়ের সঙ্গে খুনসুটিতে মেতে উঠলেন। কাটলেন কেক। এইসব দৃশ্য দেখা গেল অপু বিশ্বাসের কল্যাণে। সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

সম্ভবত গুলশানে শাকিবের বাসায় জয়ের জন্মদিনের কেক কাটার আয়োজন করেন শাকিব। সেখানেই বাবা-ছেলের এসব মুহূর্ত ক্যামেরাবন্দি করেন অপু। 

এর আগে জয়ের জন্মদিনে বড় ভাইকে শুভেচ্ছা জানায় শাকিব খানের আরেক পুত্র শেহজাদ খান বীর। বুবলীর ফেসবুক পেজ থেকে বীরের একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে শেহজাদ খানকে বীরকে বলতে শোনা যায়, ‘হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া। আই লাভ ইউ সো মাচ।’

ঢাকাই চিত্রনায়িকা বুবলীর সঙ্গেও সংসার ছিল শাকিবের। তাদের ঘরেও রয়েছে এক ছেলে-শেহজাদ খান বীর। যদিও বর্তমানে অপু বিশ্বাস বা বুবলী- কাউকেই সঙ্গ দেন না শাকিব। অন্যদিকে অপু-বুবলীর সম্পর্ক দা-কুমড়া হলেও শাকিবের দুই ছেলে জয় ও বীরের মধ্যে যোগাযোগ রয়েছে।