যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান নিজেদের দেশের মাটিতে কখনই কোনো আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে পারে না। ভারত কিংবা সংযুক্ত আরব আমিরাতকে তারা হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে। গত জুলাই-আগস্টে স্থগিত থাকা ওয়ানডে সিরিজটি ফের তারা আয়োজন করতে যাচ্ছে। আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে এই সিরিজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ এই ওয়ানডে সিরিজটি গত জুলাই-আগস্টে আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মরুভূমির প্রচণ্ড গরমের কারণে সেটি স্থগিত করা হয়। নতুন সূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। পরের দুই ম্যাচ যথাক্রমে ৯ এবং ১১ নভেম্বর। তবে ঠিক কোন ভেন্যুতে ম্যাচগুলো হবে- সেটা এখনও নির্ধারণ করা হয়নি।
এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনার পর উভয় পক্ষই ওয়ানডে সিরিজটি আয়োজনের ব্যাপারে সম্মত হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে এশিয়ার মাটিতেই বসবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তাই সিরিজটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। আফগানিস্তান সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে। আগামী ডিসেম্বরে তারা জিম্বাবুয়ে সফরে যাবে।