পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেপ্তারি। জামিন পেতে লেগেছে দুই মাস। সেই স্মৃতিকে অতীতের খাতায় ফেলে রেখে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। এর মধ্যেই বাংলাদেশের পর্ন নায়িকা রিয়া বার্দের গ্রেপ্তারি মামলায় জড়িয়ে গেল তার নাম। বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ শিল্পার স্বামী। সংবাদমাধ্যমে বিরক্তি প্রকাশ করে জানালেন নিজের বক্তব্য।
মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার হন রিয়া বার্দে। অভিযোগ, রিয়া তার আসল নাম নয়। তিনি আরোহি বার্দে ও বন্না শেখ নামেও জনপ্রিয়। জানা গেছে, বেশ কয়েক বছর ধরে বাংলা পর্নছবির জগতে রয়েছেন এই অভিনেত্রী। নেটপাড়ায় তার ছবির চাহিদাও রয়েছে।
পুলিশ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অভিনেত্রী বেশ কিছু দিন ধরে জাল নথিপত্রের সাহায্যে এদেশে বসবাস করছিল। তবে শুধু অভিনেত্রীই নয়, উল্লাসনগরে থাকতেন তার মা, বাবা, বোন ও ভাইও।
এই গ্রেপ্তারির পরই খবর ছড়ায়, রাজ কুন্দ্রার প্রযোজনা সংস্থায় রিয়া কাজ করতেন। বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ জানান, এমন রটনা তার পক্ষে অত্যন্ত হতাশাজনক। এর পরই তিনি বলেন, “একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমি এনাকে চিনি না, কখনও দেখিওনি। এই ধরনের কোনও প্রযোজনা সংস্থা আমার নেই বা আমার এমন কোনও প্রযোজনা সংস্থার সঙ্গে কোনও যোগসূত্র নেই।”
রটনাকে ভিত্তিহীন বলে তিনি জানান, এই ধরনের খবরে তার সম্মানহানি হয়। তিনি অত্যন্ত সৎভাবে নিজের ব্যবসা চালান। রাজের আইনজীবী প্রশান্ত পাটিল জানান, বিতর্কিত মামলায় তার মক্কেলকে জড়ানোর চেষ্টা হচ্ছে। এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার কোনও যোগাযোগ নেই। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথাও জানান তিনি।
প্রসঙ্গত, ২০২১ সালে পর্ন কাণ্ডে রাজ কুন্দ্রার নাম জড়িয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। হটশট নামক অ্যাপের জন্য নীল ছবি তৈরি করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। আইনি জটিলতার জেরে ৬৩ দিন আর্থার রোড জেলে থাকতে হয় শিল্পা শেঠির স্বামীকে। সেই বছরের সেপ্টেম্বর মাসে ৫০ হাজার টাকার বন্ডের বিনিময়ে জামিন পান রাজ।