তিন মাস পর অবসর নেওয়ার কারণ জানালেন রোহিত শর্মা

গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই এই ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি আর খেলবেন না। এরপর কেটে গেছে প্রায় তিন মাস। ভারতের মাটিতে এখন টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এর মাঝেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের কারণ জানালেন রোহিত।

‘হিটম্যান’ খ্যাত রোহিত এক সাক্ষাৎকারে বলেছেন, ‘মনে হয়েছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আমার সময় শেষ। এই সংস্করণটা ভীষণ উপভোগ করেছি। ১৭ বছর ধরে খেলছি। ভালোই খেলেছি বলে মনে হয়। আর কিছু না। বিশ্বকাপ জয়ের পর মনে হলো, অবসর ঘোষণার এটাই সেরা সময়। ঠিকই আছে। এবার আমি অন্যরকম কিছু ভাবতেই পারি। আমাদের অনেক ক্রিকেটার আছে। তরুণেরাও দেশের জন্য ভালো খেলবে।’

ভারতের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক আরও জানান যে, অবসর নেওয়ার জন্য তার ওপর কোনো চাপ ছিল না। রোহিতের ভাষায়, ‘একদমই না (চাপ)। আমার তেমন কিছু মনেও হয়নি। শুধু মনে হয়েছিল, টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার সেরা সময় এটাই। আর কিছুদিন অনায়াসে তিন ধরনের ক্রিকেট খেলতে পারতাম। ফিটনেস বা মানসিকতা নিয়ে কোনও সমস্যা ছিল না।’

রোহিত বলেছেন, ‘আমি বিশ্বাস করি, মন যেটা চায় সেটাই করা উচিত। আমি খুব আত্মবিশ্বাসী মানুষ। আমি আমার মনকে প্রয়োজন মতো নিয়ন্ত্রণ করতে পারি। যদিও ব্যাপারটা একেবারেই সহজ নয়। তবু বেশিরভাগ সময় করতে পারি বলেই মনে হয়। আপনি যদি মনে করেন, এখনও তরুণ আছেন, তাহলে অনেক কিছুই করতে পারবেন। অবশ্যই করতে পারবেন। ভাবনাটাই আসল।’

উল্লেখ্য, গত ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল শেষে রোহিতের পাশাপাশি বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাও এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। দেশের হয়ে ১৫৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রোহিত। ৩১.৩৪ গড়ে করেছেন ৪২৩১ রান। পাঁচটি সেঞ্চুরির পাশাপাশি আছে ৩২টি ফিফটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেও বাকি দুই ফরম্যাটে এখনও তিনি ভারতকে নেতৃত্ব দিচ্ছেন।