খাগড়াছড়ি-রাঙামাটির সহিংসতায় তদন্ত কমিটির কাজ শুরু 

খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনায় গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে দীঘিনালার লারমা স্কয়ারের ঘটনাস্থল পরিদর্শন করেছেন কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নুরুল্লাহ নূরী। এ সময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি।

মোহাম্মদ নুরুল্লাহ নূরী সাংবাদিকদের বলেন, ঘটনার কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। পাশাপাশি ওই সময় গণমাধ্যমের প্রচারিত ‍ভিডিও এবং সংবাদমাধ্যমে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা বিশ্লেষণ করা হবে। এ ছাড়া যারা হতাহত হয়েছেন তাদের তথ্যও সংগ্রহ করা হবে। এ সময় কেউ বাস্তুচ্যুত হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে।

এ সময় কমিটির অন্যতম সদস্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত ছিলেন। এ ছাড়া দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মামুনুর রশীদ, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া, স্থানীয় জনপ্রতিনিধি, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ঘটনা তদন্তে ২৬ সেপ্টেম্বর সাত সদস্যের কমিটি গঠন করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। আগামী ১৪ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবে তদন্ত কমিটি।

গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে গণপিটুনির শিকার হয়ে মামুন নামে এক যুবক নিহত হন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার সময় সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে লারমা স্কয়ারে দোকানপাট ও বসতবাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে খাগড়াছড়ির সদর ও রাঙামাটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে।