৫০ দিনে সারা দেশে ১৪৭৪ মামলা, আসামি ৯২৪৮৬: আইজিপি

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সহিংসতার ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশের বিভিন্ন থানায় ১ হাজার ৪৭৪টি মামলা দায়ের হয়েছে। এতে এজাহারভুক্ত আসামি করা হয়েছে ৯২ হাজার ৪৮৬ জনকে। এসব মামলায় এযাবৎ গ্রেপ্তার করা হয়েছেন ৭৭৯ জন। এর মধ্যে এজাহারভুক্ত ৫৩৩ জন, সন্দেহভাজন ২৪৬ জন এবং হাইপ্রোফাইলের ব্যক্তি ৫৯ জন।

এদিকে একই সময়ে পুলিশের সঙ্গে অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে সারা দেশের বিভিন্ন থানায় দায়ের হয়েছে ৩০০টি মামলা। মামলায় ৪৪৯ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।। ইতিমধ্যে এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন ১৬ জন পুলিশ সদস্য।

গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) দামপাড়ায় নগর পুলিশের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সারা দেশে থানায় দায়ের হওয়া মামলার এই পরিসংখ্যান তুলে ধরেন আইজিপি মো. ময়নুল ইসলাম।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, ‘আমরা পুলিশকে বলেছি, থানায় মামলা রেকর্ড করার আগে যাচাই-বাছাই করে দেখে নেওয়ার জন্য। মামলা হলে যে গ্রেপ্তারের আওতায় আসবে তা নয়। কেউ যদি সত্যিকার অর্থে অপরাধে জড়িত, তা হলে তাকে গ্রেপ্তার করা যাবে। নিরীহ কাউকে যদি আসামি করা হয়, সেটা যাচাই-বাছাই হবে। সুতরাং এটা নিয়ে ভীত হওয়ার কারণ নেই। প্রতিটি মামলা বিশ্লেষণ করে আমরা পৃথক তদন্ত কমিটি করেছি।’

বৈষম্য বিরোধী ছাত্র—জনতার আন্দোলনে পূর্বাপর সময়ে ৪৪ জন পুলিশ শহীদ হয়েছেন বলে উল্লেখ করে আইজিপি বলেন, ‘এ সময় আহত হয়েছেন ২৫০০। আমাদের কাজ মানুষকে সেবা দেওয়া। জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব থাকবে না। কাজের মাধ্যমে সেটাকে এগিয়ে নেব। প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি ঘটনায় নিহত ও আহতদের বিচার তদন্ত হবে। এ নিয়ে জাতিসংঘ কাজ করছে।’