পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে নিয়মিতই নতুন নতুন নাটকের জন্ম হয়। দলটির মতো তাদের বোর্ডও যেন ‘আনপ্রেডিক্টবল’। এবার নির্বাচকের পদ থেকে পদত্যাগ করলেন দেশটির সাবেক তারকা ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ। মাত্র ৬ মাসেই শেষ হলো তার নির্বাচকের অধ্যায়।
গত মার্চে ইউসুফকে নির্বাচক কমিটিতে আনা হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর নির্বাচক কমিটিতে রদবদল করা হলেও তিনি টিকে যান। কিন্তু ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর সমালোচনার আগুনে যেন ঘি পড়ে। অতঃপর আজ রবিবার সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন ৫০ বছর বয়সী ইউসুফ।
গত সপ্তাহে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ উপলক্ষে দল ঘোষণা করেও বিপাকে পড়েছিলেন ইউসুফ। তাকে সহ বাকিদের ব্যাপক সমালোচনা সইতে হয়েছে। সব মিলিয়েই তিনি নির্বাচকের পদ ছাড়লেন। তবে ১৭ হাজারের বেশি আন্তর্জাতিক রানের মালিক ইউসুফ হাই পারফরম্যান্স সেন্টারে ব্যাটিং কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।