মাদ্রিদ ডার্বিতে আজ মুখোমুখি আলভারেজ-ভিনিসিয়ুস

চলতি মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে আজ রাতে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। আজ ম্যাচটি হবে আতলেতিকো মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে। লা লিগায় ৭ ম্যাচে ১৭ পয়েন্টে টেবিলের দুইয়ে রিয়াল। ১৫ পয়েন্টে তিনে আছে আতলেতিকো মাদ্রিদ।

এই মৌসুমে বড় অঙ্কের অর্থই খরচ করেছে আতলেতিকো। দলে ভিড়িয়েছে কনর গ্যালাঘর, আলভারেজের মতো তারকাকে। আলভারেজ সবশেষ লিগ ম্যাচে গোল পেয়েছেন। তাই আপাতত কিছুটা স্বস্তিতে আছেন কোচ ডিয়েগো সিমিওনে।

এদিকে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি আতলেতিকো মাঠে খেলা নিয়ে বলেন, 'মেত্রোপলিতানোতে খেলা খুবই কঠিন। আমাদের গেলবারের চেয়ে ভালো খেলতে হবে। গতবারের ভুলগুলো শুধরাতে হবে আমাদের। গতবার আমরা রক্ষণে ভালো করতে পারেনি, যেটা মাথায় রেখেই আমরা আগামীকাল খেলতে নামবো।' গেল মৌসুমে আতলেতিকো মাঠে হেরেছিল রিয়াল মাদ্রিদ।

আতলেতিকো মাদ্রিদের স্কোয়াডে আছেন ৬ জন আর্জেন্টাইন খেলোয়াড়। আর রিয়াল মাদ্রিদে আছেন চারজন ব্রাজিলিয়ান খেলোয়াড়। রিয়ালের আক্রমণভাগে রদ্রিগো, ভিনিসিয়ুস, এনদ্রিক। আতলেতিকোর আক্রমণে থাকবেন আলভারেজ। রাইট উইংয়ে থাকেন অ্যাঞ্জেল কোরেয়া।

তাই অনেকে এই লড়াইয়ে দেখছেন আলভারেজ বনাম ভিনিসিয়ুস লড়াই হিসেবে। কিলিয়ান এমবাপ্পে ইনজুরির কারণে আছেন মাঠের বাইরে। ফলে মাদ্রিদ ডার্বিতে তার খেলা হচ্ছে না।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১ টায়।