পাকিস্তান

পাঞ্জাবে ১৪৪ ধারার সময়সীমা বাড়ানোর প্রস্তাব

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ১৪৪ ধারা প্রয়োগের বিষয়ে প্রাদেশিক পরিষদে একটি সংশোধনী বিল উত্থাপন করা হয়েছে। বিলটিতে সর্বোচ্চ ৯০ দিনের জন্য ১৪৪ ধারা প্রয়োগের অনুমতি প্রদানের প্রস্তাব দেওয়া হয়। বর্তমানে প্রাদেশিক সরকার সর্বোচ্চ দুই দিনের জন্য ১৪৪ ধারা প্রয়োগ করতে পারে। রবিবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম দ্য নিউজ।

প্রতিবেদনে বলা হয়, গত ৫ সেপ্টেম্বর পাঞ্জাবের অর্থমন্ত্রী মুজতবা সুজা-উর-রেহমান প্রাদেশিক পরিষদে ফৌজদারি কার্যবিধি (পাঞ্জাব সংশোধন) আইন-২০২৪ উপস্থাপন করেছেন। এতে তিনি ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব করেন।

প্রস্তাবিত সংশোধনীতে জেলা প্রশাসক ৩০ দিন ও স্বরাষ্ট্র সচিব ৯০ দিনের জন্য ১৪৪ ধারা আরোপ করতে পারবেন। বর্তমান আইনে প্রাদেশিক সরকার সর্বোচ্চ দুই দিনের জন্য ১৪৪ ধারা প্রয়োগ করতে পারে। যদি না মানুষের জীবন, স্বাস্থ্য বা নিরাপত্তা হুমকিতে থাকে।

বর্তমান আইনে মেয়রের (বা জেলা নাজিম) কার্যালয়কে ১৪৪ ধারা জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে, যিনি পুলিশের লিখিত সুপারিশে কাজ করেন। সংশোধনীতে অবশ্য এই ক্ষমতা ডেপুটি কমিশনার বা স্বরাষ্ট্র দফতরের সচিবের কাছে হস্তান্তরের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি পুলিশের সুপারিশের প্রয়োজনীয়তা সরিয়ে দেওয়া হয়েছে।

বিল উত্থাপনকারী মুজতবা দ্য নিউজকে বলেন, প্রাদেশিক মন্ত্রিসভার অনুমোদনের পর সংশোধনীগুলো চালু করা হয়েছে। তিনি বলেন, ১৪৪ ধারার অধীনে বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে। কারণ, প্রতিবার পাঞ্জাবের কোনো জেলায় এ জাতীয় নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন হলে প্রাদেশিক মন্ত্রিসভার পূর্বানুমোদন নেওয়া বাস্তবসম্মত নয়।

জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিপন্ন হতে পারে এমন গুরুতর ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তাবিত সংশোধনী আনা হয়েছে। আসন্ন শান্তিভঙ্গ রোধ এবং জনস্বার্থে প্রতিরোধমূলক এখতিয়ার ও দ্রুত প্রতিকার প্রদানের উদ্দেশ্যে এগুলো করা হয়েছে। আপাতত বিলটি পাঞ্জাব বিধানসভার একটি কমিটিতে পাঠানো হয়েছে।