ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদ্‌যাপন

অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদ্‌যাপন করেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সারা বিশ্বের ফার্মেসী কমিউনিটির সাথে সঙ্গতি রেখে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়। এই বছর দিবসটির প্রতিপাদ্য ছিল বিশ্বব্যাপী স্বাস্থ্যখাতে চাহিদা পূরণে ফার্মাসিস্ট।
 
দিবস উদ্‌যাপনের নানান আয়োজনের মধ্যে ছিল- র‍্যালি, সেমিনার, কুইজ, শপথ গ্রহণ ইত্যাদি। দিনের শুরুতে অনুষ্ঠিত র‍্যালিতে যোগ দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা, অধ্যাপক ড. মো. ফারাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, এবং ফার্মেসী বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মো. আমিরুল ইসলামসহ শিক্ষক এবং শিক্ষার্থীগণ। র‍্যালিতে ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে বিভিন্ন রঙের ব্যানার এবং ফেস্টুন বহন করা হয়। 
 
পরে ফার্মেসী বিভাগের উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করা হয়, যেখানে মূল বক্তা ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র ডিরেক্টর (গবেষণা ও উন্নয়ন) আবদুস সালাম। তিনি বৈশ্বিক স্বাস্থ্যখাতের প্রয়োজন মেটাতে ফার্মা গবেষণা ও উন্নয়ন বিষয়ে আলোচনা করেন। সালাম তাঁর বক্তব্যে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল গবেষণা ও উন্নয়নকে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে তুলনা করে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আশিক মোসাদ্দিক। তিনি সেমিনারে অংশগ্রহণকারীদের ভবিষ্যতের ফার্মাসিস্ট হিসেবে মানবতার কল্যাণে কাজ করার প্রতিশ্রুতির শপথ বাক্য পাঠ করান।