সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। সদ্য প্রয়াত এ জননেতা স্ত্রী, দুই কন্যা, জামাতা ও নাতি-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার রাত ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ফিজার। তিনি দীর্ঘদিন ধরে গলার ক্যান্সারে ভুগছিলেন। তার জামাতা আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য তারিক শমী এ খবর নিশ্চিত করেছেন। জনপ্রিয় এ সংসদ সদস্যের মৃত্যুতে দিনাজপুর আওয়ামী লীগ পরিবারসহ তার নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফিজার ১৯৭৭ সালে আওয়ামী লীগের দিনাজপুর জেলা কমিটির সদস্য, ১৯৮০ সালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ১৯৯২ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ২০১৩ সালে অনুষ্ঠিত কাউন্সিলে তিনি জেলা আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদ করায় ১৩ অক্টোবর ১৯৭৫ সালে সেনা হেফাজতে এবং ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের জন্য তাকে জেলে পাঠানো হয়।
ফিজার ১৯৮৬ সালে প্রথমবার, পরবর্তীতে ১৯৯০, ১৯৯৬, ২০০১, ২০০৮ এবং ২০১৪ সালে দিনাজপুরের ফুলবাড়ি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং ৩১ জুলাই ২০০৯ থেকে ২১ নভেম্বর ২০১৩ পর্যন্ত ভূমিপ্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ১২ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হন।