বলিউডের পর দক্ষিণেও সফল জাহ্নবী কাপুর। বলা হয় বলিউড ইন্ডাস্ট্রির প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী। তার জন্ম তামিলনাড়ুতে, অভিষেকও ঘটেছিল তামিল চলচ্চিত্রে। পরে একে একে তেলুগু, মালয়ালাম, কন্নড় সিনেমাতে অভিনয় করেন। তবে থিতু হন বলিউডে। বিয়ে করেছিলেন বলিউডের বড় প্রযোজক বনি কাপুরকে। সেই ঘরেই জন্ম জাহ্নবীর। মায়ের অভিষেক তামিল ইন্ডাস্ট্রিতে হলেও জাহ্নবীর অভিষেক হয় বলিউডে। ২০১৮ সালে ‘ধড়ক’ মুক্তির পর কেটে গেছে ছয় বছর। বলিউডের জাহ্নবী কাপুর ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জুনিয়র এনটিআরকে নিয়ে দীর্ঘ আট বছর পর তাকে নিয়ে ‘দেবারা’ সিনেমা নির্মাণ করেছেন কোরাতলা শিবা। এতে জুনিয়র এনটিআরের সঙ্গে অভিনয় করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। গত ২৭ সেপ্টেম্বর বিশ্বের ৭ হাজার ২৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দেবারা’। মুক্তির আগে থেকেই ঢের আলোচনায় ছিল এটি। মুক্তির পরও বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছে।
স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘দেবারা’ সিনেমা মুক্তির দুদিনে শুধু ভারতে আয় করেছে ১৪৩ কোটি রুপি (গ্রস), বিদেশে আয় করেছে ৬০ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২০৩ কোটি রুপি। সিনেমায় ভৈরার চরিত্রে দর্শকদের আকর্ষণ কেড়েছেন সাইফ আলী খান। খলনায়কে চরিত্রে ছবিতে অনেকটাই উতরে গেছেন এই তারকা। এ ছাড়া জাহ্নবীকে দেখা গেছে জুনিয়র এনটিআরের প্রেমিকার চরিত্রে। দক্ষিণী ছবিতে অভিষেকের ক্ষেত্রে তিনিও ভালো করেছেন। এদিকে, বলিউডের পরে দক্ষিণী চলচ্চিত্রেও দুর্দান্ত সূচনা করায় ভক্তদের প্রশংসায় ভাসছেন শ্রীদেবী কন্যা। ফলে দুই ইন্ডাস্ট্রিতে সমানতালে নিজের ক্যারিয়ারের ঝলকানি দেখিয়ে যাবেন, এমনটা মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট থেকেও সাধারণ দর্শক।