অপরাধী ও মাদক কারবারিদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত রাজধানীর মোহাম্মদপুর এলাকার জেনেভা ক্যাম্প। ক্যাম্পের বাজারের ভেতরে তো বটেই, চারপাশের বাবর রোড, হুমায়ুন রোড আর গজনবী রোডেও রাত-দিন প্রকাশ্যে চলে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক কেনাবেচা।
গতকাল রবিবার সকাল ১০টায় ক্যাম্পের পেছনে বাবর রোডে পলিথিনের ব্যাগভর্তি গাঁজা নিয়ে সবজি বিক্রেতাদের মতো হাঁকডাক দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে দেখা গেছে কয়েকজন মাদক বিক্রেতাকে। ১০-১২ জন রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চালককে সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গাঁজা কিনতে দেখা যায়।
প্রকাশ্যে মাদক বিকিকিনির এ কারবার দেখে আক্ষেপ করে আল-আমিন নামে স্থানীয় এক পথচারী দেশ রূপান্তরকে বললেন, ‘সকালেই এখানে (ক্যাম্পের বাজার) অভিযান চালিয়েছে র্যাব (যৌথ বাহিনী)। অনেককে ধরে নিয়ে গেছে। তারা অভিযান শেষ করে যেতে না যেতেই আবার মাদক বিক্রি শুরু করেছে। ক্যাম্পের ভেতর থেকে বের হয়ে এসে রাস্তায় ডেকে ডেকে মাদক বিক্রি করছে।’
এর আগে ভোর থেকে জেনেভা ক্যাম্পে র্যাব-২ এবং যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজাসহ ৩৫ জন আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুলসংখ্যক ধারালো অস্ত্র, দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়।
অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক শিহাব করিম। তিনি বলেন, ‘ভোর ৫টা (রবিবার) থেকে সকাল ৮টা পর্যন্ত জেনেভা ক্যাম্পে বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলে। এ সময় শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা ও তিনজন নারী মাদক কারবারিসহ আরও ৩১ জন দুর্বৃত্তকে আটক করা হয়েছে। তাদের সেনাবাহিনীর মাধ্যমে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’