গাজীপুরে দিন-দুপুরে গুলি করে ও কুপিয়ে আনসার সদস্য এবং ব্যাংক কর্মকর্তাদের আহত করে সোনালী ব্যাংকের উপশাখার সাত লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার বিকেলে জেলা শহরের রথখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত চারজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন সোনালী ব্যাংকের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপশাখার ইনচার্জ আতিকা পারভীন সুরভী (৩৯) ও ক্যাশ অফিসার ফারজানা নাজনীন সিমু (২৭) এবং আনসার সদস্য আল আমিন (৩০) ও রাজু মিয়া (৪০)।
সোনালী ব্যাংক গাজীপুর কোর্ট বিল্ডিং শাখার এজিএম গাজী শহীদুজ্জামান ও স্থানীয়রা জানান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সোনালী ব্যাংক উপশাখার সাত লক্ষাধিক টাকা নিয়ে একটি অটোরিকশায় ওই চারজন কোর্ট বিল্ডিং শাখায় জমা দিতে যাচ্ছিলেন। বিকেল ৫টার দিকে তারা রথখোলা এলাকায় পৌঁছালে ছয়টি মোটরসাইকেলে ১০-১২ যুবক এসে অটোরিকশার গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে যুবকরা ফাঁকা গুলি ছুড়ে ওই চারজনকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। আশপাশের লোকজন আহতাবস্থায় তাদের উদ্ধার করে ওই হাসপাতালে পাঠায়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
জিএমপির সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাহেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে অভিযান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।