বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগসহ বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক উপাচার্যসহ অজ্ঞাতপরিচয় ১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি করেন। মামলা রুজু হওয়ার বিষয়টি থানার ওসি আবু বক্কর সিদ্দিক নিশ্চিত করেছেন।
মামলায় সাবেক উপাচার্য অধ্যাপক নূরুল আলমকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া এতে শিক্ষকদের মধ্যে রয়েছেন সাবেক প্রক্টর অধ্যাপক আলমগীর কবির, সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ উল হাসান, সহযোগী অধ্যাপক মেহেদী ইকবাল, অধ্যাপক বশির আহমেদ, সহযোগী অধ্যাপক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া, অধ্যাপক শরীফ এনামুল কবির, অধ্যাপক ফরিদ আহমেদ ও অধ্যাপক ইসরাফিল আহমেদ। কর্মকর্তাদের মধ্যে রয়েছেন রাজিব চক্রবর্তী, নাহিদুর রহমান খান ও সুদীপ্ত শাহীন। ছাত্রলীগ নেতাদের মধ্যে রয়েছেন শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন।