রিমান্ড শেষে সাবেক মন্ত্রী গাজী কারাগারে

নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে পঞ্চম দফায় সিদ্ধিরগঞ্জ থানার দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রবিবার বিকেলে দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আবদুর রশিদ বলেন, গত ২২ সেপ্টেম্বর সাবেক মন্ত্রী গাজীকে পৃথক চার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদে আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। রবিবার আট দিনের রিমান্ড শেষে অন্য দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছিল। আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেছিলেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার করা পৃথক দুটি হত্যাচেষ্টার মামলার অভিযোগে বলা হয়, গোলাম দস্তগীর গাজীর নির্দেশনায় অন্য আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করেছেন।