ইসরায়েলি বিমান হামলায় ইরান সমর্থিত লেবানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদ্য প্রয়াত প্রধান হাসান নাসরাল্লাহর মেয়ে জয়নব নাসরাল্লাহও বিমান হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি জানিয়েছে ইসরায়েলের কয়েকটি গণমাধ্যম।
গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহ সাবেক প্রধান হাসান নাসরাল্লাহ।
ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২ ও জেরুজালেম পোস্টের দাবি করেছে, শুক্রবার লেবাননের দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় হাসান নাসরাল্লাহর কন্যা জয়নাব নাসরাল্লাহও নিহত হয়েছেন।
তবে তার মৃত্যুর বিষয়ে ইসরায়েল, হিজবুল্লাহ বা লেবাননের কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
জয়নব নাসরুল্লাহ বিভিন্ন সাক্ষাৎকারে হিজবুল্লাহর প্রশংসা করতেন এবং লেবাননের জন্য তার পরিবারের আত্মত্যাগের কথা বলতেন। অতীতে একবার এক সাক্ষাৎকারে তার ভাই হাদির মৃত্যুর বিষয়ে কথা বলেছিলেন তিনি, যিনি ১৯৯৭ সালে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছিলেন।
সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে, ‘তার ভাইয়ের মৃত্যুতে তার বাবা-মা কেউ কাঁদেনি। শোকের বদলে তারা এটিকে গর্ব হিসেবে নিয়েছিলেন।‘