ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ সেনকে দুটি হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল আদালতের বিচারক নিত্যানন্দ রায় জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, গত ৫ আগস্ট সদর উপজেলার ছিট চিলারং গ্রামে পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুদৌলার বাসায় মামলার বাদী বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাকির হোসেনের ছেলে রাকিবুল হাসানসহ চারজনকে ডেকে নিয়ে আন্দোলন বন্ধ রাখার প্রস্তাব দেন। রাজি না হলে পরিকল্পিতভাবে তাদের ঘরে ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে গ্যাস সিলিন্ডারের মুখ খুলে আগুন লাগিয়ে দেন। এতে রাকিবুল হাসান, আবু রায়হান, আল মামুন ও শাওন পারভেজ দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় সাবেক এমপি রমেশ সেনকে প্রধান আসামি করে আরও ৭৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়। এ ছাড়া একই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া আবু রায়হানের পিতা ফজলে আলম বাদী হয়ে রমেশ সেনকে প্রধান আসামি করে আরও ৯১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। আজ এই দুটি মামলায় তাকে আবার গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হলো।
এর আগে গত ১৭ আগস্ট একটি বিস্ফোরক দ্রব্য আইনে রমেশ চন্দ্র সেনকে গ্রেপ্তার করলে জেল হাজতে পাঠান আদালত। এদিনে রমেশ সেনের বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো।
আসামি পক্ষের আইনজীবী অ্যাড. মোস্তাক আলম টুলু মামলা দুটি সাজানো দাবি করে বলেন, আসামির বয়স এবং শারীরিক অসুস্থ বিবেচনায় আদালতে জামিনের আবেদন করা হয়েছিল। জামিন নামঞ্জুর করে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।