যমুনার সামনে ৩৫ প্রত্যাশীদের অবস্থান, স্লোগান

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত যমুনার সামনে থেকে তারা যাবেন না বলে জানিয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে এ সমাবেশ শুরু করেন তারা। এর দুপুরে সোয়া ১টার দিকে তারা যমুনার সামনে অবস্থান নেন।

এদিন বিকেল ৩টার দিকে দেখা যায়, ৩৫ প্রত্যাশীরা যমুনার সামনে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেখানে আইনশৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন। আন্দোলনকারীরা বলছেন, তারা ৩৫ এর প্রজ্ঞাপন না নিয়ে অবস্থান ছাড়বেন না। তারা বলছেন, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে তাদের দুই সহযোদ্ধা আহত হয়েছেন।

জানা গেছে, সকাল থেকে শাহবাগ এলাকায় শত শত চাকরিপ্রার্থী উপস্থিত হয়ে বক্তব্য ও নানা ধরনের স্লোগান দেন। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি ছাড়াও শর্তসাপেক্ষে বয়সসীমা উন্মুক্ত করারও দাবি তাদের। চাকরিপ্রত্যাশীদের এ আন্দোলনে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পড়াশোনা সম্পন্ন করা বিভিন্ন বয়সী নারী-পুরুষ।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার সাংবাদিকদের বলেন, পরিস্থিতি বিবেচনায় আমরা পদক্ষেপ নিচ্ছি। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে খুব বেশি বল প্রয়োগ করাও ঝামেলা।