গুম হওয়া বিএনপি নেতার ভাইকে তুলে নেওয়ার অভিযোগ

প্রায় এক যুগ আগে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল হক সুমনের ভাই সাইফুল ইসলাম শ্যামলকে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে শাহীনবাগের বাড়ি থেকে তাকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শ্যামলের ছোট বোন সানজিদা ইসলাম তুলি।

বাংলাদেশে গুমের শিকার পরিবারের গড়ে তোলা সংগঠন মায়ের ডাকের একজন সমন্বয়ক তুলি। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আমার ভাইকে তুলে নিয়ে গেছে। সেই সঙ্গে আমাদের বাড়ির সিসি টিভির ফুটেজ নষ্ট করার চেষ্টা করছে তারা। তারা আমাকেও ডেকেছে। আমি যাচ্ছি। কোনও কিছুই পরিবর্তন হয় নাই, দেশ আগের মতোই আছে।’

এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, এলাকাবাসী শ্যামলের নামে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ দিয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে যৌথবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়। তারপর এই ধরনের কর্মকাণ্ড আর করবেন না বলে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। বিস্তারিত আইএসপিআরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হবে।

জানা গেছে, শ্যামল কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নন। তবে গুম হওয়া ছোট ভাই সুমন দলীয় রাজনীতিতে সক্রিয় থাকার সময় এলাকায় তার ব্যাপক আধিপত্য ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

শাহীনবাগের বাসিন্দা খাইরুল ইসলাম বলেন, তাকে আমরা দীর্ঘ দিন ধরে নামাজ-কালাম ও ইবাদত বন্দেগী করে কাটাতে দেখেছি। আজ তাকে সেনাবাহিনী এসে তুলে নিয়ে গেছে।

এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন দেশ রূপান্তরকে বলেন, বিষয়টি আমরা জানি না। সেনাবাহিনী যদি কোনও অপারেশন চালিয়ে থাকে তাহলে পরে আমাদের জানাবে। তবে, মায়ের ডাকের সমন্বয়কের ভাইকে তুলে নিয়ে যাবে কেন? এটাই তো বুঝতে পারছি না।