আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছে আন্তনিও গ্রিজমান। ফ্রান্সের জার্সিতে ২০১৮ বিশ্বকাপ ও ২০২১ নেশনস লিগ জিতেছেন আতলেতিকো মাদ্রিদের এ তারকা ফরোয়ার্ড। ৩৩ বছর বয়সী গ্রিজমান জাতীয় দলের হয়ে ১৩৭ ম্যাচ খেলে ৪৪টি গোল করেছেন, গোলের যোগান দিয়েছেন ৩৩টি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘দশ বছরের অসাধারণ সফর, নানা প্রতিবন্ধকতা, সাফল্য এবং কখনো ভুলতে না পারার মতো মুহূর্তগুলোর পর, এখন সময় হয়েছে জীবনের পাতাটি ওল্টানোর এবং নতুন প্রজন্মের জন্য জায়গা করে দেওয়ার। হৃদয়ভরা স্মৃতির সঙ্গী করে জীবনের এই অধ্যায়ের ইতি টানছি। এমন মুনোমুগ্ধকর যাত্রার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। ফ্রান্সের জার্সি গায়ে জড়ানো ছিলো আমার জন্য সবচেয়ে সম্মানের।’
২০১৪ সালের ৫ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় তার। ফ্রান্সের ম্যানেজার দিদিয়ের দেশমের দলের একজন গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিলেন গ্রিজমান। ২০১৬ ইউরোতে ছিলেন সর্বোচ্চ গোলস্কোরার।
সেই ইউরো এবং ২০২২ বিশ্বকাপ ফাইনালে হেরে রানার আপ হয়েছিলেন গ্রিজমান। এ মাসের ৯ তারিখে বেলজিয়ামের বিপক্ষে খেলা ম্যাচটিই তার ফ্রান্সের শেষ ম্যাচ হয়ে রইলো।