মধ্য গাজার দেইর আল-বালাহর নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক ওয়াফা আল-উদাইনি। হামলায় সাংবাদিক আল-উদাইনি পরিবারের তিন সদস্যসহ নিহত হয়েছেন, যার মধ্যে তার দুই শিশু সন্তান ছিল।
রিপোর্টার্স উইদাউট বর্ডারসের তথ্যমতে, গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত অন্তত ১৩০ সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। খবর আল জাজিরার।
এদিকে ১১ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর অব্যাহত হামলা ও অভিযানে ইতিমধ্যে উপত্যকাটিতে নিহত হয়েছেন ৪১ হাজার ৬১৫ ফিলিস্তিনি।
ইসরায়েলি হামলায় বিপুল সংখ্যক নিহতদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা বলেন, "গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ১৭১ নবজাতকসহ অন্তত ১৬ হাজার ৮৫৯ শিশু নিহত হয়েছে।
জাতিসংঘের শিশু সংস্থা (ইউনিসেফ) বারবার সতর্ক করেছে যে অব্যাহত ইসরায়েলি হামলার কারণে দীর্ঘ দিনের এই যুদ্ধে গাজার শিশুরা অকল্পনীয় ভয়াবহতা সহ্য করছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাবের সত্ত্বেও ইসরায়েল গাজা উপত্যকায় নৃশংস আক্রমণ ও গণহত্যা চলমান রেখেছে।
গাজা ভূখণ্ডতে ইসরায়েলি হামলার কারণে এই অঞ্চলের প্রায় সমস্ত জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া দীর্ঘ দিনের অবরোধের কারণে উপত্যকাটিতে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।