সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণসহ সার্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। আজ সোমবার এক বিবৃতিতে এ আহ্বান জানান কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘বাংলাদেশ ঐতিহাসিকভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। এ দেশে আবহমানকাল ধরে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের ফসল হিসেবে দেশ স্থিতিশীলতার দিকে অগ্রসর হচ্ছে এবং ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে। তা সত্ত্বেও কিছু স্বার্থান্বেষীর অপতৎপরতায় দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটছে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং মানবাধিকারের লঙ্ঘন।’
বিবৃতিতে বলা হয়, ‘অক্টোবরের প্রথমাংশে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। কমিশন আসন্ন দুর্গাপূজায় সকল মণ্ডপে যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছে। কমিশন মনে করে, সারা দেশব্যাপী বিশাল সংখ্যক পূজা মণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এলাকাভিত্তিক সক্ষমতা যাচাই করে উপযুক্ত করে তোলা বা সহযোগী শক্তি গঠনের মাধ্যমে দায়িত্ব প্রতিপালন নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় উসকানি প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিতকরণ, পূজা অনুষ্ঠান নির্বিঘ্ন করতে প্রতিটি জেলা ও উপজেলা প্রশাসনে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন, সংশ্লিষ্ট সকল এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ ও যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনার আহ্বান জানিয়েছে কমিশন।’