মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় চট্টগ্রামের পটিয়ায় পার্থ বিশ্বাস পিন্টু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের কুরাংগিরি এলাকার সুমন বিশ্বাসের পুত্র।
সোমবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন উত্তর মাদারবাড়ি এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। পিন্টুকে গ্রেপ্তারের খবরে শতশত মুসল্লি ও ছাত্ররা থানায় ছুটে গিয়ে ঘেরাও করে এবং তার শাস্তির দাবি জানান।
এ সময় এক ছাত্রকে আটক করায় উত্তেজিত হয়ে সেনাবাহিনীর গাড়িসহ ২টি গাড়ি ছাত্ররা ভাঙচুর করেছে। সেনাবাহিনীর সদস্য তুহিন নামের একজন আহত হয়েছেন। তিনি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের যুবক পার্থ বিশ্বাস পিন্টুর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে মহানবীকে নিয়ে কটূক্তি করা হয়। এ ঘটনায় পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মো. নুরুচ্ছফার ছেলে মো. কামরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা করেন। এর সূত্র ধরে পটিয়া থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে কটূক্তিকারী পিন্টুকে গ্রেপ্তার করে। পরে পিন্টুর শাস্তির দাবিতে ছাত্র ও শতশত মুসল্লি উত্তেজিত হয়ে পটিয়া থানা ঘেরাও করে।
মামলার বাদী কামরুল ইসলাম জানান, মহানবীকে কটূক্তি কোনোভাবে মেনে নেওয়া যাবে না। পিন্টুর পরিবারের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে পিন্টুর দাবি তার ফেসবুক হ্যাক করা হয়েছে।
পটিয়া থানার ওসি জায়েদ নুর জানিয়েছেন, মহানবীকে কটূক্তি করার দায়ে পার্থ বিশ্বাস পিন্টু নামের একজনকে নগরী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলাও রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার পাপিয়া চক্রবর্তী সেনাবাহিনীর সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।