মাশরাফীর বিরুদ্ধে মামলা

সিলেট স্ট্রাইকার্সের মালিকানা কেড়ে নেওয়ার অভিযোগ

সিলেট স্ট্রাইকার্সের মালিকানা সারোয়ার গোলাম চৌধুরীর কাছ থেকে জোর করে লিখিয়ে নেওয়ার অভিযোগে ক্রিকেটার ও সাবেক এমপি মাশরাফী বিন মোর্ত্তজার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার রাজধানীর পল্লবী থানায় এই মামলা করেন বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সারোয়ার গোলাম চৌধুরী। মামলায় ১ নম্বর আসামি মাশরাফী।

অন্য আসামিরা হলেন হেলাল বিন ইউসুফ শুভ্র, মো. ইমাম হাসান, অজ্ঞাত (রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা), কে এম রাসেল, বাবলু ও অজ্ঞাতনামা ১০-১৫ জন। রাজধানীর পল্লবী থানায় করা একটি মামলা থেকে এ তথ্য জানা যায়।

ঢাকা মহানগর পুলিশের পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, আজকের (গতকাল) তারিখে মামলাটি করেছেন বাদী সারোয়ার গোলাম চৌধুরী। তার (মাশরাফী) বিরুদ্ধে জোর করে একটি কোম্পানির মালিকানা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 

এ ব্যাপারে বক্তব্য জানতে মাশরাফীর ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।