সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রায়ণ প্রকল্পের ঘরে আগুনে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের সরকারি আশ্রয়ণ প্রকল্পে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন– এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার এবং তাদের চার সন্তান পলাশ মিয়া (৯), ফরহাদ (৭), ফাতেমা বেগম (৫) ও উমর ফারুক (৩)।
স্থানীয়রা জানান, সোমবার রাতে পাশের ঘরের লোকজন আগুনের ধোয়া দেখতে পান। পরে তাদের চিৎকার শুনে সবাই বের হয়ে আসে। এ সময় ঘরের ভেতর থেকে দরজা আটকানো ছিল। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ঘরে ঢোকে। এসময় ওই ঘরে বসবাসকারী স্বামী-স্ত্রী ও চার সন্তানকে মৃত অবস্থায় দেখতে পান।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক দেশ রূপান্তরকে বলেন, আমরা ঘটনাস্থলে আছি।
তিনি আরও বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। আমরা ফায়ার সার্ভিসের একটি দলকে নিয়ে তদন্ত করছি কীভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।