এক মাসের ব্যবধানে মুদ্রার দুই পিঠ দেখে ফেলল বাংলাদেশের ক্রিকেট। পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের আনন্দ উবে গেল ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়ে। এর মাধ্যমে একবিংশ শতাব্দীতে পরাজয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। জয়ের রেকর্ডও তাদের পরে আছে কেবল জিম্বাবুয়ে!
আজ মঙ্গলবার কানপুরে শেষ হওয়া ম্যাচটি বাংলাদেশের ১৪৬তম টেস্ট। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়া বাংলাদেশ গত ২৪ বছরে ম্যাচ জিতেছে মাত্র ২১টি। হেরেছে ১০৭টি, ড্র ১৮টি। জয়ের শতাংশ হিসেব করলে বাংলাদেশের টেস্ট জয়ের হার মাত্র ১৪ দশমিক ৩৮। এই সময়ে একশর বেশি টেস্ট হারা বাকি দুই দল হলো ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড।
গত ২৪ বছরে ২২২ টেস্ট খেলে ক্যারিবিয়ানরা হেরেছে ১১৮টি টেস্ট ম্যাচ। তাদের জয় ২২ শতাংশ। অন্যদিকে ১০৪ টেস্ট হারতে ইংল্যান্ড খেলেছে ৩১১টি টেস্ট। তাদের জয়ের হার ৪৪ দশমিক ৬৯। বাংলাদেশের চেয়ে বাজে ফলাফল করেছে শুধু জিম্বাবুয়ে। তারা ৭৮টি টেস্ট খেলে জিতেছে ১০ ম্যাচে। হেরেছে ৫৬ ম্যাচে। আর ড্র করেছে ১২ ম্যাচ। জয়ের শতাংশ ১২ দশমিক ৮০।
কিন্তু পরাজয়ের হিসাব করলে জিম্বাবুয়েকেও ‘হারিয়ে দিয়েছে’ বাংলাদেশ! কানপুর টেস্টের পর বাংলাদেশের পরাজয়ের শতাংশ ৭৩ দশমিক ২৯। যা বাকি যেকোনো দেশের তুলনায় অনেক বেশি। এই সময়ের মধ্যে জিম্বাবুয়ে হেরেছে ৭১ দশমিক ৭৯ শতাংশ টেস্টে। আর ওয়েস্ট ইন্ডিজ এই ২৪ বছরে ৫৩ দশমিক ১৫ শতাংশ টেস্ট হেরেছে।
গত ২৪ বছরে কমপক্ষে ১০০ টেস্ট খেলা দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি জয় অস্ট্রেলিয়ার। শেষ ২৪ বছরে তারা খেলেছে ২৬৪ টেস্ট। এর মাঝে জয় এসেছে ১৫৮ টেস্টে, হেরেছে ৬৪ টেস্টে। হার ৪২ টেস্টে। হারের সংখ্যা এবং শতকরা জয়ের হিসেবেও সবার চেয়ে এগিয়ে অজিরাই। জিতেছে ৫৯ দশমিক ৪০ শতাংশ ম্যাচ।