সিদ্ধিরগঞ্জ

শামীম ওসমান, আইভীসহ ৪০১ জনের নামে হত্যা মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে রাজমিস্ত্রি রাকিব হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান ও সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীসহ ৪০১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) নিহত রাকিবের চাচাতো ভাই আব্দুর রহমান (৫১) বাদী হয়ে প্রথমে আদালতে মামলাটির আবেদন করেন। পরে আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়।

এ ঘটনায় অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, তার ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল, সাবেক কাউন্সিলর ওমর ফারুক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নূর উদ্দিন মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল হক রাজু, শ্রমিক লীগ নেতা সামাদ বেপারী প্রমুখ।

মামলার এজাহার থেকে জানা গেছে ,গত ৫ আগস্ট আন্দোলন চলাকালীন সময়ে রাকিব কাজে যাওয়ার উদ্দেশে বের হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অভিযুক্ত সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রেকর্ড করা হয় বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।