কুয়াকাটা সৈকতে ফের মৃত ডলফিন, মৃত্যু নিয়ে রহস্য

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ভেসে এল ৪ ফুট লম্বা বোটলনোজ প্রজাতির মৃত ডলফিন। মঙ্গলবার  (০১ অক্টোবর ) সকালে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে ৬ কিলোমিটার পূর্ব দিকে গঙ্গামতি নামক স্থানে প্রাণীটি দেখতে পায় ডলফিন রক্ষা কমিটির অন্যতম সদস্য আবুল হোসেন রাজু।

তিনি বলেন, সকালের জোয়ারের প্রভাবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকে। এ কারণে সমুদ্রের ঢেউয়ের সাথে তীরে ভেসে আসে ডলফিনটি। এটির শরীরের সম্পূর্ণ চামড়া উঠে গেছে। কিছু কিছু জায়গা গলে গেছে। দুর্গন্ধে কাছে ঘেঁষা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে ৩-৪ দিন আগে মারা গেছে।

গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক বখতিয়ার উদ্দিন বলেন, ইকোফিশ অনেক দিন ধরে মৃত ডলফিনের কারণ অনুসন্ধানে কাজ করছে। এসব মৃত ডলফিনের পাকস্থলীতে বিষক্রিয়ার কোনো উপাদান পাওয়া যায়নি যার কারণে ডলফিনের মৃত্যু হতে পারে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাছ ধরার ট্রলার, জেলেদের অসাবধানতা এবং সমুদ্রে প্লাস্টিকের পরিমাণ বৃদ্ধির কারণে এসব প্রাণী হুমকির সম্মুখীন হচ্ছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, এই উপকূলীয় এলাকাজুড়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি ডলফিন নিয়ে। ২০২৪ সালে ১১টি ডলফিনের দেখা মিলেছে এই সমুদ্র সৈকতে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যাতে এই ডলফিনগুলোর মৃত্যুর সঠিক কারণগুলো বের করা হয়।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, কিছুদিন পর পর মৃত ডলফিনের দেখা মিলছে। ডলফিন রক্ষা কমিটিকে ধন্যবাদ তাদের মাধ্যমে আমরা খবর পেয়েছি।