সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় বাদীর নিজ খরচে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরসহ নয় আইনজীবীকে মামলা পরিচালনা করার আনুমতি দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার মামলার বাদী রুনির ভাই নওশের আলী রোমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তা মঞ্জুর করেন।
শিশির মনির ছাড়া অন্য আইনজীবীরা হলেন, মুজাহিদুল ইসলাম, মিজানুল হক, মোস্তফা জামাল, আবু রাসেল, মহিউদ্দিন, আব্দুল্লাহ আল ফারুক, ইকবাল হোসেন ও মোত্তাকিন হোসাইন।
এর আগে গত সোমবার একই আদালতে রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করার জন্য নয় আইনজীবীকে নিয়োগের আবেদন করেন নওশের আলী।
আবেদনে বলা হয়, মামলার ভিকটিম সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিকে অজ্ঞাত পরিচয়ের আসামিরা ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নিজ বাসায় হত্যা করে। মামলাটি দীর্ঘ ১২ বছর তদন্ত চলামান থাকলেও কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করেনি তদন্ত সংস্থা। দীর্ঘ দিন অতিবাহিত হওয়ার মামলাটি দ্রুত নিষ্পত্তির ও ন্যায় বিচারের স্বার্থে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটরকে সহায়তার জন্য বাদী পক্ষে নিজ খরচে আইনজীবী নিয়োগ করা প্রায়োজন।